ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, নির্বাচন কোনো ইভেন্ট নয়, এটি একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তিনি বলেন, আমরা যারা বাংলাদেশে কাজ করি, তাদের সবারই এখানে স্বার্থ রয়েছে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করছি না তবে ওই জায়গা থেকে আমরা বাংলাদেশে মনিটরিং করবো। দেশটির স্টেকহোল্ডার হিসেবে দিন শেষে আমরা দেখতে চাই—প্রতিটি ভোটার যে ভোট দিয়েছেন, তা গণনা করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ডিকাব টকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পাওয়া নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, জিএসপি পাওয়া কোনো পিকনিক নয়।
অপর এক প্রশ্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। আমরা মিয়ানমারের ওপর বেশ কয়েকটি ইস্যুতে অবরোধ আরোপ করেছি। রোহিঙ্গাদের যেন মিয়ানমার ফেরত নেয়, এ লক্ষে আমরা আন্তর্জাতিক চাপও অব্যাহত রেখেছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন।